ডেস্ক রিপোর্ট:
দেশব্যাপী আয়োজিত শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর প্রথম আসরের পর্দা নামছে আগামীকাল সোমবার (২৭ জুলাই)। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জাতীয় পর্বের গ্র্যান্ড ফাইনাল ও বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।
বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠান শুরু হবে। বিকেল ৪টায় ভেন্যুতে পৌঁছে প্রধানমন্ত্রী রাজশাহী ও রংপুর অঞ্চলের মধ্যকার বালিকা ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন। এরপর অনুষ্ঠিত হবে বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল, যেখানে দেশের উদীয়মান অ্যাথলেটরা অংশ নেবে।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রদর্শিত হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রামাণ্যচিত্র। পাশাপাশি থিম সংয়ের সঙ্গে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনা আয়োজন করা হবে। পরে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক বক্তব্যের পর বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেবেন অতিথিরা।
এর আগে গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রতিযোগিতার আঞ্চলিক পর্বের উদ্বোধন করেন। দেশের সব উপজেলা ও জেলা থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার শিশু-কিশোর ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টস—মোট আটটি ডিসিপ্লিনে অংশ নেয়।
আঞ্চলিক পর্ব শেষে গত ২০ জুলাই ঢাকার বিভিন্ন ভেন্যুতে শুরু হয় জাতীয় পর্ব। এতে দেশের ১০টি অঞ্চল থেকে প্রায় ১,৭০০ খেলোয়াড় ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য দেখানো খেলোয়াড়দের একটি বিশেষ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর বিভিন্ন শাখায় প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিশু-কিশোরদের ডিজিটাল গ্যাজেটের অতিনির্ভরতা কমিয়ে মাঠমুখী করে তোলাও এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য।