শাকুর মাহমুদ চৌধুরী (উখিয়া) কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ার মধুরছড়া এলাকায় অবৈধভাবে দখল করা বনভূমি উদ্ধারে অভিযান চালিয়েছে দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনকর্মীরা। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা চার ঘণ্টার এ অভিযানে সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আনুমানিক ৩০ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে।
বনভূমি রক্ষা, অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং সরকারি সম্পত্তি পুনরুদ্ধারের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান। এ সময় বিভিন্ন বিটের বিট কর্মকর্তা, বন বিভাগের স্টাফ এবং ইআরটি (ইমার্জেন্সি রেসপন্স টিম) দলের সদস্যরা অভিযানে অংশ নেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, মধুরছড়া এলাকায় দীর্ঘদিন ধরে বনভূমি অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার অভিযান চালিয়ে সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের মাধ্যমে প্রায় ৩০ একর বনভূমি দখলমুক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, বনভূমি জবরদখলের সঙ্গে কথিত হেডম্যান ইব্রাহীম ও তাঁর ভাই ওমর ফারুক জড়িত বলে অভিযোগ উঠেছে। তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে বনভূমি দখলের অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট বন বিভাগ জানিয়েছে।
উখিয়ার বিভিন্ন এলাকায় সরকারি বনভূমি দখল, পাহাড় কাটা ও অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগের মধ্যে মধুরছড়ায় এ উচ্ছেদ অভিযানকে বনভূমি পুনরুদ্ধারের একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা নয়, উদ্ধার করা বনভূমি পুনরায় দখলমুক্ত রাখা এবং নতুন করে দখল প্রতিরোধ করাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ।
পরিবেশ ও বনসম্পদ রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, দখলদারত্বের অভিযোগ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সরকারি বনভূমি সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।