
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে সানি বাবু (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ডাক্তারপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সানি ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে সানি বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। পরে অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশীরা পাশের পুকুরের পানিতে সানিকে ভাসতে দেখেন।
পরে দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সানিকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী সরকার বলেন, বিষয়টি জেনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।