
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে ব্রহ্মপুত্র নদে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ইলিশ মাছ ধরার সময় এক জেলেকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে প্রায় ৮ কেজি ইলিশ মাছ ও মাছ ধরার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রসিকিউশন দাখিল করেন উলিপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রফিকুল ইসলাম।
অভিযানে বালাডোবা এলাকার জসমত শেখের ছেলে মো. বাবু (৩৫)কে অবৈধভাবে ইলিশ মাছ ধরার সময় আটক করা হয়। তার কাছ থেকে প্রায় ৮ কেজি ইলিশ মাছ ও মাছ ধরার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪(ক)(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৫(২)(খ) ধারায় তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অভিযানের সময় ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থান থেকে প্রায় ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জব্দ করা ইলিশ মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।