
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির পাথার এলাকায় উলিপুর-চিলমারী সড়কের পাশে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হামিদুল ইসলাম (২৮), ওরফে বাবু। তিনি পশ্চিম সাদুল্য এলাকার জাবেদ আলীর ছেলে।
শনিবার (১ আগস্ট) সকাল প্রায় ৭টার দিকে খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মরদেহের চোখ, মুখ ও বাম কানে রক্তাক্ত আঘাতের চিহ্ন দেখা গেছে। এছাড়া বাম পায়ের বুড়ো আঙুলে সামান্য জখমের চিহ্নও রয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা (এক্সিডেন্ট) বলে ধারণা করছে। তবে নিহতের স্বজনদের দাবি, তাকে হত্যা করে ওই স্থানে মরদেহ ফেলে রাখা হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।