কুড়িগ্রাম, প্রতিনিধি:কুড়িগ্রামের উলিপুরে গভীর রাতে পরিচালিত একটি স-মিল (করাতকল) সম্পর্কে তথ্য সংগ্রহ ও ছবি-ভিডিও ধারণ করতে গিয়ে এক সাংবাদিক গালিগালাজ, মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক উলিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-১৩৯২, তারিখ ৩১ জুলাই ২০২৬।
জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, দৈনিক মানবকণ্ঠ ও সাপ্তাহিক যুগের খবর-এর উলিপুর প্রতিনিধি মো. নুরবক্ত আলী গত ৩০ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নামশ্রেণী ইউনিয়নের চৌমহনী বাজার জামে মসজিদ ও মাদরাসা-সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি নিয়ম অমান্য করে গভীর রাতে পরিচালিত একটি স-মিলের তথ্য সংগ্রহের অংশ হিসেবে ছবি ও ভিডিও ধারণ করেন।
অভিযোগে বলা হয়, এর কিছুক্ষণ পর রাত প্রায় ৮টার দিকে অভিযুক্ত মো. হাবিবুর নুরবক্ত আলীর চৌমহনী বাজারস্থ দোকানে গিয়ে সংবাদ সংগ্রহের বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি মারধরের চেষ্টা করেন। স্থানীয় লোকজন এগিয়ে এলে পরিস্থিতি শান্ত হয়। তবে স-মিল সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ করলে সাংবাদিককে মারধরসহ খুন-জখম করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে নিজের নিরাপত্তা ও আইনগত সুরক্ষার স্বার্থে ভুক্তভোগী সাংবাদিক উলিপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ সেটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করে।
অভিযোগের বিষয়ে স-মিলের মালিক মো. হাবিবুর রহমান বলেন, “ছোট একটি কাঠের গুঁড়ি রাতে কাটা হচ্ছিল। সে সময় সাংবাদিক ছবি ও ভিডিও ধারণ করেন। পরে বিষয়টি জানতে পেরে আমি তার দোকানে গিয়েছিলাম। সেখানে আমাদের মধ্যে শুধু কথাকাটাকাটি হয়েছে, এর বেশি কিছু নয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসআই (নিরস্ত্র) মো. শাহাদত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।