
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মোঃ নয়ন মিয়া (৩৬) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উলিপুর থানার একটি দল নয়ন মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তারের পাশাপাশি তার ডান হাতে থাকা ৫০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওকত আলী সরকার বলেন, গ্রেপ্তার নয়ন মিয়ার বিরুদ্ধে আদালতে ২২ থেকে ২৬টি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।