
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে মাদকবিরোধী অভিযানে ৮১ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩ হাজার ৫০০ টাকাসহ জাহাঙ্গীর আলম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আতাউর রহমান ওরফে আতা (৫৮) নামে আরও এক আসামি পলাতক রয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে উলিপুর পৌরসভার পানি উন্নয়ন বোর্ডের অফিস থেকে উলিপুর রেলস্টেশনগামী তিন রাস্তার মোড় এলাকায় রিপন সরকারের বাড়ির সামনে অভিযান চালায় পুলিশ।
অভিযানে উলিপুর থানার মোহাম্মদ মাজেদুল ইসলামের নেতৃত্বে সাদ্দাম ইসলাম, মাসুদ রানা ও রফিকুল ইসলামসহ পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলমের সঙ্গে থাকা আতাউর রহমান ওরফে আতা পালিয়ে যায়।
পরে জাহাঙ্গীর আলমের দেহ তল্লাশি করে একটি সাদা প্লাস্টিকের কৌটার ভেতর কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে একটি ডিজিটাল মেশিন ও নগদ ৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট নিজের হেফাজতে রেখে বিক্রি করার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, পলাতক আসামি আতাউর রহমান ওরফে আতার সঙ্গে যোগসাজশে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে তারা মাদক নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে জানানো হয়।
এ ঘটনায় উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।