
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের সময় মো. সাব্বির হোসেন ওরফে সাহিদ (২৪) নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের বেটুবাড়ি ভাকুয়ার কুঠি এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় সাব্বির হোসেনকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত সাব্বির হোসেন বেটুবাড়ি ভাকুয়ার কুঠি এলাকার মো. এরশাদুলের ছেলে।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬ নম্বর ক্রমিক অনুযায়ী তাকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।