
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। হেলমেট না থাকায় মোটরসাইকেল চালকের বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা ও আড়াই হাজার টাকা জরিমানা করা হলেও শহরের সড়কে যত্রতত্র পার্কিং, ডাম্পার ও কাঁকড়া ট্রাকের অবাধ চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের তৎপরতা নেই ।
বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা শহরের প্রাণকেন্দ্রে ট্রাফিক চেকপোস্টে ইমন নামে এক মোটরসাইকেল চালককে হেলমেট না থাকায় আটক করা হয়। তার দাবি, মোটরসাইকেলের কাগজপত্র ঠিক ছিল। দুই দিন আগে বাবা মারা যাওয়ায় প্রয়োজনীয় কাজে বাজারে আসার সময় হেলমেট আনতে পারেননি। বিষয়টি জানিয়ে ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তাকে আড়াই হাজার টাকার মামলা দেওয়া হয়।
ইমন বলেন, আমার কাগজপত্র ঠিক ছিল। বাবার মৃত্যুর বিষয়টিও জানিয়েছি। তারপরও মামলা দেওয়া হয়েছে। অথচ তার সামনে এই সড়কে ডাম্পার ও কাঁকড়া ট্রাক অবাধে চলছে। এগুলোর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
স্থানীয়দের অভিযোগ, শহরের বিভিন্ন সড়কে যত্রতত্র পার্কিংয়ে যানজট এবং ডাম্পার-কাঁকড়া ট্রাকের চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
এদিকে উলিপুর ও চিলমারীর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) হারুন অর রশিদের মাঠপর্যায়ের দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি নিয়মিত উলিপুরে থাকেন না। তবে হারুন অর রশিদ বলেন, আমি আজ উলিপুরে যাইনি। কুড়িগ্রাম ট্রাফিক অফিসে কাজ ছিল।
অন্যদিকে জেলা ট্রাফিক ইনচার্জ আবু আলা মওদুদ বলেন, টিআই প্রতিদিনই উলিপুরে যান। আজও গিয়েছিলেন। দুই কর্মকর্তার বক্তব্যে ভিন্নতা নিয়েও প্রশ্ন উঠেছে।
তিনি আরও বলেন, কারও বিরুদ্ধে সুস্পষ্ট অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, সাধারণ যানবাহনের পাশাপাশি ডাম্পার-কাঁকড়া ট্রাকের বিরুদ্ধেও সমানভাবে আইন প্রয়োগ এবং যানজট নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানো হোক।