নিউজ ডেস্ক:
নরসিংদীর মাধবদী উপজেলার পাইকারদী গ্রামে পারিবারিক বিরোধের জেরে দুই মাস বয়সী এক শিশুর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচির (বড় ভাইয়ের স্ত্রী) বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, শিশুটির মা ঘরের কাজ বা বাথরুমে গেলে ঘুমন্ত শিশুটি হঠাৎ করেই চিৎকার করে কেঁদে উঠত। কয়েক দিন ধরে এমন অস্বাভাবিক ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় শিশুটির মায়ের সন্দেহ হয়।
একপর্যায়ে সত্যতা জানতে তিনি ঘরে গোপনে একটি ক্যামেরা স্থাপন করেন। অভিযোগ অনুযায়ী, ক্যামেরায় শিশুটির ওপর নির্যাতনের দৃশ্য ধারণ হয়, যেখানে অভিযুক্ত চাচির বিরুদ্ধে শিশুটিকে আঘাত করার অভিযোগের সমর্থনে ভিডিও পাওয়া গেছে বলে পরিবারের দাবি।
এ ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ জানানোর প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।