নিউজ ডেক্স
বগুড়ার ধুনটে এক প্রবাসীর স্ত্রীকে মুঠোফোনে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোড়শিমুল গ্রামের এক যুবক প্রায় ছয় মাস আগে দুই দালালের মাধ্যমে সৌদি আরবে যান। অভিযোগ রয়েছে, বিদেশে পাঠানোর জন্য তার পরিবারের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা নেওয়া হলেও সেখানে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। ফলে তিনি চরম দুর্ভোগে পড়েন।
এ বিষয়ে খোঁজ নিতে গেলে প্রবাসীর মাকে মারধরের অভিযোগ ওঠে। পরে গত ২১ জুন তিনি দুই দালালের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই মোস্তাফিজার রহমানকে।
ভুক্তভোগী পরিবারের দাবি, তদন্তের একপর্যায়ে এসআই মোস্তাফিজার রহমান বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করেন এবং পরে তাকে অনৈতিক প্রস্তাব দেন। একই সঙ্গে অভিযুক্তদের কাছ থেকে সুবিধা নেওয়ার কারণে অভিযোগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেননি বলেও পরিবারের অভিযোগ।
প্রবাসীর স্ত্রীর ভাষ্য, এসআইয়ের সঙ্গে হওয়া কথোপকথনের কিছু অংশ তিনি মুঠোফোনে সংরক্ষণ করেন। পরে সেই অডিও স্থানীয় গণমাধ্যমকর্মীদের হাতে পৌঁছে যায়। এর একটি অংশ ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশে রোববার মধ্যরাতে এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এসআই মোস্তাফিজার রহমানকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বিভাগের বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।