
কুড়িগ্রাম জেলা থেকে : কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মো. হাফিজুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করছে ডিবি।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ২টার দিকে ফুলবাড়ী উপজেলার কুটি চন্দ্রখানা এলাকায় গঙ্গারহাট থেকে ফুলবাড়ীগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কুটি চন্দ্রখানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জনৈক আনছার আলীর বাঁশঝাড়ের সামনে সড়কের ওপর থেকে মো. হাফিজুর রহমানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।