নিউজ ডেস্ক।।
মাদক সেবনে বাধা দেওয়ায় জন্মদাতা পিতাকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে (২৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন গোপালগঞ্জের আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মাদ সামছুল হক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আলীম কাজী সদর উপজেলার চর মানিকদাহ এলাকার মৃত ইসমাইল কাজীর ছেলে।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১২ মে মাদকাসক্ত আলীম বাড়িতে এসে ভাঙচুর শুরু করলে তার বাবা ইসমাইল কাজী বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে আলীম তাকে হত্যার হুমকি দেন। পরদিন সকালে বাড়ির পাশে আখ পরিষ্কার করার সময় ধারালো বটি দিয়ে বাবার গলায় কোপ দেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ইসমাইল কাজীর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ছেলে সেলিম কাজী গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আলীম কাজীকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।