
ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
লালমনিরহাটের আদিতমারীর তালুক হরিদাস এলাকায় অভিযান চালিয়ে ২৯৬ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য এস্কাফ (ESkuf) সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৩, রংপুর।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন তালুক হরিদাস এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঐ গ্রামের পলাতক আসামি মো. শাহিন আলমের বসতবাড়িতে তল্লাশী করে বাড়ির গোয়ালঘর থেকে ২৯৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে মো. আলমগীর ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের মোঃ আজিজুল হক এর ছেলে।
প্রাথমিকভাবে জানা যায় যে, ধৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি লালমনিরহাট থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। এ ঘটনায় আরেক অভিযুক্ত মো. শাহিন আলম পলাতক রয়েছেন।
উক্ত ঘটনায় র্যাব বাদী হয়ে ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।