
কুড়িগ্রামের উলিপুর বুড়াবুড়ি ইউনিয়নের কিশামতফুল বাড়ী মৌজায় নদীতে পাতা চায়না রিং জালে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ আটকা পড়েছে। পরে খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৮ জুলাই)। স্থানীয় জেলে খাদেমুল ইসলাম, পিতা- সামছুল হক জানান, তিনি প্রতিদিনের মতো নদীতে জাল পেতে মাছ ধরছিলেন। পরে জাল তুলতে গিয়ে হঠাৎ দেখতে পান বিশাল আকৃতির একটি সাপ জালে আটকে আছে।
তিনি বলেন, প্রথমে ভয় পেয়ে যাই। পরে বুঝতে পারি এটি একটি অজগর। সাপটি প্রায় ৮ থেকে ১০ ফুট লম্বা হবে। এরপর বন বিভাগে খবর দিই।
খবর পেয়ে উলিপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অজগরটি উদ্ধার করে।
বন বিভাগ জানায়, উদ্ধার করা অজগরটি সুস্থ থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। একই সঙ্গে বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে অবহিত করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।