
চিলমারীর হরিপুর অংশে দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের
টানা ভারী বর্ষণে কুড়িগ্রামের চিলমারী উপজেলার হরিপুর অংশে ৯৬ মিটার আর্চ তিস্তা সেতুর সংযোগ সড়কের একটি বড় অংশ ধসে পড়েছে। এতে সেতু দিয়ে যানবাহন চলাচলে চরম ঝুঁকির সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, সেতুর হরিপুর প্রান্তে সংযোগ সড়কের উল্লেখযোগ্য অংশ ভেঙে নিচে ধসে গেছে। সড়কের নিচের মাটি সরে যাওয়ায় রাস্তার একাংশ বাতাসে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।
স্থানীয়দের অভিযোগ, ভারী বর্ষণের কারণে ভাঙন আরও বাড়ছে। দ্রুত জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু না হলে সড়কটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তখন শুধু যানবাহন নয়, পথচারীদের চলাচলও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ভাঙা অংশ মেরামত করে নিরাপদে যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সেতুর সংযোগ সড়কের একটি বড় অংশ ধসে গিয়ে গভীর খাদ তৈরি হয়েছে। ধসে যাওয়া অংশের পাশ দিয়েই যানবাহন চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি স্পষ্টভাবে ফুটে উঠেছে।
Leave a Reply