
স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাব্বির হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে ফতুল্লা থানাধীন চর কাশিপুরের শামসুল হকের মোড় থেকে ডিগ্রীরচর ঘাটে যাওয়ার রাস্তায় জনৈক মো. মামুনের অটোরিকশা গ্যারেজের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাব্বির হোসেন ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার বাসিন্দা। তিনি মো. সিদ্দিকুর রহমান ও মোসা. সালমা বেগমের ছেলে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ফতুল্লা মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মো. আব্দুল হামিদ খাঁনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। এ সময় সাব্বির হোসেনের কাছ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply