
নিউজ ডেক্স ||
পাবনার ঈশ্বরদীর বাইপাস স্টেশনের অদূরে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির আটটি চাকা লাইনচ্যুত হওয়ায় রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের আগমুহূর্তে হঠাৎ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ঈশ্বরদী-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ ব্যাহত হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঈশ্বরদী লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধারকারী দল লাইনচ্যুত বগিগুলো সরিয়ে দ্রুত রেললাইন সচলের কাজ করছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাকশী বিভাগের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ শেষ হলেই রুটটিতে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
Leave a Reply