
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল পৌরসভার ব্র্যাক মোড়ে অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নাগেশ্বরী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বদিজামালপুর (কানিপাড়া) এলাকার একটি বাসায় কয়েকজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে।
পরে দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে চামটারপাড় এলাকার মো. হেলাল উদ্দিন (৩৭) ও বিদ্যুৎপাড়া এলাকার মো. রাব্বি মিয়া (২৬)কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে নাগেশ্বরী থানাধীন কানিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
Leave a Reply