
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামে পরকীয়ার সম্পর্কের জেরে স্বামী কেতাব উদ্দিনকে হত্যার দায়ে তার স্ত্রী, প্রেমিক এবং শ্বশুর-শাশুড়িসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ফুলবাড়ী উপজেলার গোড়কমণ্ডল গ্রামের নুর নাহার, তার প্রেমিক গফুর, বাবা নুর মোহাম্মদ ও মা ছকিনা বেগম।
মামলার বিবরণ অনুযায়ী, ২০০৬ সালের ১৮ এপ্রিল দাওয়াতের কথা বলে কৌশলে স্বামী কেতাব উদ্দিনকে প্রেমিকের বাড়িতে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে মরদেহ পাশের একটি জমিতে ফেলে রাখা হয়। পরদিন নিহতের বাবা আলী মুদ্দিন ফুলবাড়ী থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মনোয়ার হোসেন আলো শুনানি করেন।
Leave a Reply