
শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া:
কক্সবাজারের উখিয়া সীমান্তের মিয়ানমার অংশে মায়ানমারের বিদ্রোহী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হামিদ হোসেন নামে এক রোহিঙ্গা নাগরিক গুরুতর আহত হয়েছেন। পরে তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে উখিয়া ব্যাটালিয়নের অধীন পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়।
বিজিবি সূত্রে জানা যায়, বিস্ফোরণে আহত হামিদ হোসেন কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সি-ব্লক-২৭-এর বাসিন্দা। তিনি মৃত কালাম হোসেনের ছেলে।
বিস্ফোরণের পর আহত অবস্থায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি ও স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, ঘটনাস্থলটি সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ২৫০ গজ পশ্চিমে, অর্থাৎ মিয়ানমারের অভ্যন্তরে অবস্থিত। প্রাথমিকভাবে মাইনটি মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা বলে জানা গেছে।
Leave a Reply