
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) কুড়িগ্রামে অনুষ্ঠিত হচ্ছে কৃষক সমাবেশ। সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৩টায় শুরু হওয়া এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের সদস্য সচিব আখতার হোসেন।
বুধবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম শহরের ফায়ার সার্ভিস মার্কেটে অবস্থিত এনসিপির জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটি এ তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কৃষকবান্ধব রাজনৈতিক দর্শন ও আদর্শকে স্মরণ করে তাঁর স্মৃতিবিজড়িত টগরাইহাটে এ কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে। কর্মসূচির মাধ্যমে কৃষকের ন্যায্যমূল্য, কৃষি উৎপাদনের ব্যয় হ্রাস, খাদ্য নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং কৃষকের অধিকার প্রতিষ্ঠার বিষয়গুলো তুলে ধরা হবে।
আয়োজকদের দাবি, জেলার বিভিন্ন উপজেলা থেকে কৃষক, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে সমাবেশটি বড় পরিসরে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সমাবেশ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাঈদ উজ্জ্বল, সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম এবং সদস্য শাহজাহান আলী সুমন। তারা সমাবেশ সফল করতে জেলার সর্বস্তরের কৃষক ও সাধারণ মানুষের অংশগ্রহণ কামনা করেন।
Leave a Reply