
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে সরকারি জায়গায় জেনারেটর স্থাপনজনিত শব্দ, বায়ু ও পরিবেশদূষণ রোধ এবং নতুন করে অবৈধ কক্ষ নির্মাণের চেষ্টা বন্ধে দ্রুত পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উলিপুরে একটি সরকারি জায়গায় উচ্চশব্দ সৃষ্টিকারী জেনারেটর স্থাপন করা হয়েছিল। জেনারেটরটির নিয়মিত পরিচালনায় সৃষ্ট শব্দ ও বায়ুদূষণের কারণে আশপাশের পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং পথচারী ও স্থানীয় বাসিন্দাদের নানাবিধ ভোগান্তি পোহাতে হচ্ছিল। সম্প্রতি ওই স্থানে জেনারেটরটি স্থায়ী করার লক্ষ্যে নতুন করে অবৈধভাবে একটি কক্ষ নির্মাণের চেষ্টা চালানো হয়।
বিষয়টি নজরে আসার পরপরই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে নির্মাণকাজ স্থগিত হওয়ার পাশাপাশি পরিবেশদূষণ ও জনসাধারণের ভোগান্তি বন্ধ হয়।
প্রশাসনের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সুশীল সমাজ ও স্থানীয় বাসিন্দারা। তারা জানান, সঠিক সময়ে সরকারি তদারকি ও পদক্ষেপের কারণে অবৈধ দখল রক্ষা পাওয়ার পাশাপাশি এলাকাটি পরিবেশদূষণের হাত থেকে রক্ষা পেল। উলিপুরের সহকারী কমিশনার (ভূমি)-র এমন জনকল্যাণমুখী ভূমিকার জন্য স্থানীয়রা তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Leave a Reply