উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২২টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল তাৎক্ষণিকভাবে উপস্থিত জনতার সম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) উপজেলার দুর্গাপুর বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. মেহেদী হাসান।
অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা এবং উলিপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মৎস্য বিভাগ জানায়, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে জেলেদের বৈধ জাল ব্যবহার এবং মৎস্য সংরক্ষণ আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply