
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামে একই পরিবারের তিন জমজ বোন একসঙ্গে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলাজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থী হলেন— তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান। তারা কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী তারিকুর রহমান তারিক ও শাহিনা আক্তার দম্পতির কন্যা।
জানা গেছে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে।
পরিবার ও শিক্ষকদের ভাষ্য, ছোটবেলা থেকেই তিন বোন পড়াশোনায় মনোযোগী, শৃঙ্খলাপরায়ণ এবং মেধাবী। নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের দিকনির্দেশনা অনুসরণ এবং শেখার প্রতি প্রবল আগ্রহই তাদের এই সাফল্যের ভিত্তি।
বর্তমানে তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এবং তাবিয়া কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে।
তিন কন্যার এই অর্জনে আনন্দ প্রকাশ করে বাবা আইনজীবী তারিকুর রহমান তারিক বলেন, “আল্লাহর কাছে তাদের সুন্দর ভবিষ্যৎ, উত্তম জ্ঞান ও আদর্শ চরিত্র কামনা করছি। সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন।”
কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন বলেন, একই পরিবারের তিন জমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন কুড়িগ্রামের শিক্ষা অঙ্গনের জন্য গৌরবের বিষয়। তাদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
Leave a Reply