
ফোক সংগীত, ফায়ার শো, মিউজিক্যাল নাইট ও সাংস্কৃতিক অনুষ্ঠান—থাকছে ৫০ শতাংশের বেশি ছাড়
শাকুর মাহমুদ চৌধুরী (উখিয়া), কক্সবাজার:
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পর্যটন রাজধানীখ্যাত কক্সবাজারে এবার তিনদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে পালিত হতে যাচ্ছে বিশ্ব পর্যটন দিবস। আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবে কক্সবাজার জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটি।
কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সমন্বয়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান জানান, ২০২৩ সালে সর্বশেষ বড় পরিসরে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছিল। পরবর্তী দুই বছর তেমন বড় আয়োজন না থাকলেও এবার পুরোনো আমেজ ফিরিয়ে এনে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, ২৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সৈকতের লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে ফোক সংগীত, ফায়ার শো ও ব্যান্ড সংগীত পরিবেশিত হবে। ২৬ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে মিউজিক্যাল নাইট। আর ২৭ সেপ্টেম্বর রোববার সকালে থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। এদিন রাখাইন নৃত্য এবং সন্ধ্যায় সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সৈকতের লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে প্রতিদিন বিকেল থেকে এশার নামাজের সময় পর্যন্ত এসব অনুষ্ঠান চলবে। পর্যটক ও দর্শনার্থীরা বিনামূল্যে এসব আয়োজন উপভোগ করতে পারবেন।
ট্যুরস অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টুয়াক) সভাপতি আনোয়ার কামাল জানান, আয়োজনকে ঘিরে সৈকতের উন্মুক্ত মঞ্চের আশপাশে অর্ধশতাধিক স্টল বসানো হবে। এসব স্টলে খাদ্য উৎসব, লাইভ কুকিং শো, স্থানীয় পণ্য, আচার, শুঁটকি ও পিঠাসহ কক্সবাজারের ঐতিহ্যবাহী বিভিন্ন সামগ্রী প্রদর্শন করা হবে।
তিনি আরও জানান, পর্যটন দিবস উপলক্ষে হোটেল-মোটেল ও আবাসিক প্রতিষ্ঠানগুলোতে ৫০ শতাংশের বেশি ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী বলেন, পর্যটন দিবসকে কেন্দ্র করে জেলা প্রশাসনের উদ্যোগে একাধিক বৈঠক হয়েছে। এসব বৈঠকে পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার অংশ নিয়েছেন। সরকারি বরাদ্দ সীমিত হলেও হোটেল-মোটেল, গেস্টহাউস ও রেস্তোরাঁ মালিকসহ সংশ্লিষ্টরা নিজ উদ্যোগে বিভিন্ন আয়োজনে সহযোগিতা করছেন।
এদিকে দিবসটি উপলক্ষে পর্যটন জোনের বিভিন্ন সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। এতে টুরিস্ট পুলিশের মোটরসাইকেল শোভাযাত্রা, সৈকতের ঘোড়ার বহর ও বিচ বাইকসহ কক্সবাজারের ঐতিহ্য তুলে ধরা হবে। পর্যটন শিল্পের বিকাশ ও প্রসার নিয়ে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও পর্যটকরাও এতে অংশ নেবেন।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম পর্যটন দিবসের সব আয়োজন সফল করতে পর্যটক, স্থানীয় বাসিন্দা ও পর্যটনসংশ্লিষ্ট সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply