কুড়িগ্রাম, প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুড়ারপাড় এলাকার এলটিবি ইটভাটা সংলগ্ন একটি নির্জন স্থানে মাদক কেনাবেচা ও সেবনের প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী হাসান (১৯) ও মো. শামিম মিয়া (৩২)।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারা থানা পুলিশের একটি দল স্থানীয় নাগরিকদের সহযোগিতায় সেখানে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির সময় ঘটনাস্থল থেকে ৭৬ পিস ইয়াবাসহ মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামি শামিম মিয়া পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি স্থানীয় এক ব্যক্তিকে কামড়ে আহত করে পালিয়ে যান। পালানোর সময় তিনি পায়ে আঘাতপ্রাপ্ত হন।
পরে শামিমকে গ্রেপ্তারের জন্য ভূরুঙ্গামারা থানা পুলিশ উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে তল্লাশি চালায়। একপর্যায়ে পুলিশকে ফাঁকি দিয়ে নাম পরিবর্তন করে ভূরুঙ্গামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
ভূরুঙ্গামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে ভূরুঙ্গামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। এ বিষয়ে তিনি সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
Leave a Reply